শাহবাগ থানায় হামলা: এবি জুবায়ের-মোসাদ্দেকদের মামলা নেয়নি পুলিশ
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১০:৩৪ পিএম
রাজধানীর শাহবাগ থানায় হামলার ঘটনায় মামলা করতে গিয়ে তা গ্রহণ না করার অভিযোগ তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) দুই নেতা। রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যায় থানায় গেলে পুলিশ মামলা নিতে গড়িমসি করছে বলে দাবি করেন তারা।
অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) শাহবাগ এলাকায় ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ এবং সমাজসেবা বিষয়ক সম্পাদক এ বি জুবায়ের। ওই সময় তাদের ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে।
ঘটনার পর হামলার ভিডিও ফুটেজসহ অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করতে শাহবাগ থানায় যান ডাকসুর এই দুই নেতা। তবে সেখানে গিয়ে তারা মামলার আবেদন করতে পারেননি বলে জানান।
এ বিষয়ে মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, তারা মামলা দায়েরের জন্য থানায় গেলেও পুলিশ তা গ্রহণ করেনি। তার ভাষ্য, “আমরা মামলা করতে এসেছি, কিন্তু পুলিশ বলছে—মামলা নেবে কি না, সেই সিদ্ধান্ত ওপর থেকে আসবে।”
এ ঘটনায় এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।