রাজধানীর নিউ মার্কেটে প্রকাশ্যে যুবককে গুলি করে হত্যা
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১১:৪০ পিএম
রাজধানীর ব্যস্ত নিউ মার্কেট এলাকায় প্রকাশ্যে গুলিতে এক যুবক নিহত হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে বটতলা এলাকায় মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত খুব কাছ থেকে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়।
গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে তার পরিচয় জানা না গেলেও পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তাকে খন্দকার নাঈম আহমেদ টিটন হিসেবে শনাক্ত করে।
পুলিশ জানায়, নিহত টিটনের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। তিনি পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী এবং আরেক শীর্ষ সন্ত্রাসী ইমনের স্ত্রীর বড় ভাই। একসময় ইমনের সহযোগী হিসেবেও পরিচিত ছিলেন তিনি।
চিকিৎসকদের তথ্য অনুযায়ী, নিহতের শরীরে মোট পাঁচটি গুলির চিহ্ন পাওয়া গেছে। এর মধ্যে মাথায় তিনটি, বাম হাতে একটি এবং বগলের নিচে একটি গুলি লাগে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্বৃত্তরা খুব অল্প সময়ের মধ্যে ঘটনাটি ঘটিয়ে মোটরসাইকেলে পালিয়ে যায়।
নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আইয়ুব বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থা দেখতে পাওয়া যায় এবং আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়। পরে তার মৃত্যুর খবর নিশ্চিত হওয়া যায়।
পুলিশ জানায়, ঘটনার পেছনে পূর্বশত্রুতা বা অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, তার বাবার নাম কে এম ফকরুদ্দিন এবং মায়ের নাম আকলিমা বেগম। তার বাসা হাজারীবাগ থানার জিগাতলার সুলতানগঞ্জ এলাকায়।