খোঁজ মিলছে না কলাবাগান থানার এসআই রাকিবুলের, খুঁজছে পুলিশ

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৯:২৭ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীর কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার (৩২) নিখোঁজ হয়েছেন। গত মঙ্গলবার বিকেল থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে নির্ধারিত দায়িত্বে যোগ না দিয়ে কলাবাগানের কাঁঠালবাগান এলাকায় অবস্থিত অস্থায়ী ব্যারাক থেকে সিভিল পোশাকে বের হন রাকিবুল। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।

নিখোঁজ রাকিবুলের বাড়ি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বাপতা গ্রামে। তার বাবার নাম মাইজ উদ্দিন সরকার। তার শারীরিক বর্ণনা অনুযায়ী, গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল গোলাকার, উচ্চতা প্রায় ৫ ফুট ৮ ইঞ্চি এবং চুল ছোট ও কালো।

রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম জানিয়েছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তাকে খুঁজে বের করতে পুলিশ কাজ চালিয়ে যাচ্ছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, এর আগেও কয়েকবার রাকিবুল নিখোঁজ হয়েছিলেন।

এদিকে, কলাবাগান থানা থেকে দেশের সব থানায় বেতার বার্তা পাঠিয়ে তার সন্ধান চাওয়া হয়েছে। কেউ তার খোঁজ পেলে নিকটস্থ থানায় যোগাযোগ করার আহ্বান জানিয়েছে পুলিশ।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495