পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের প্রতিবাদে জমিয়তে উলামায়ের সমাবেশ

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৯:০৭ পিএম

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর নির্যাতনের অভিযোগ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কথিত বাণিজ্য চুক্তির প্রতিবাদে রাজধানীতে সমাবেশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। সমাবেশ থেকে ওই চুক্তির বিস্তারিত জাতির সামনে প্রকাশের দাবি জানানো হয়।

শুক্রবার (১৫ মে) রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সংগঠনের সহসভাপতি মো. সিদ্দিক, হোসাইন আহমাদ, ফেরদৌস আলম এবং জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক নাসিরউদ্দিন খানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

বক্তারা অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দেশের স্বাধীনতা ও স্বার্থবিরোধী সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তিকে তারা ১০ বছরের দাসত্বমূলক চুক্তি আখ্যা দিয়ে এর পূর্ণাঙ্গ তথ্য প্রকাশের দাবি জানান।

তাদের বক্তব্য, চুক্তির সব বিষয় জনগণের সামনে প্রকাশ করতে হবে এবং জনগণ গ্রহণযোগ্য মনে না করলে সরকারকে সেখান থেকে সরে আসতে হবে।

সমাবেশে আরও বলা হয়, এ বিষয়ে সরকার ও বিরোধী রাজনৈতিক দলগুলোর অবস্থান স্পষ্ট নয়। বিদেশি প্রভাবের কাছে দেশের স্বার্থ বিসর্জন দেওয়া হলে জনগণ তা মেনে নেবে না বলেও তারা মন্তব্য করেন।

এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বক্তারা। তারা দাবি করেন, নির্বাচনের পর সেখানে মুসলিমদের ওপর নির্যাতনের ঘটনা ঘটছে, যা মানবাধিকার লঙ্ঘন। আধুনিক বিশ্বে এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তারা।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495