রাজধানীজুড়ে হঠাৎ সর্বোচ্চ সতর্কতায় পুলিশ
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ১৭ মে ২০২৬, ১০:৫৫ এএম
নিষিদ্ধঘোষিত সংগঠনের সম্ভাব্য তৎপরতা প্রতিরোধে রাজধানীজুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে পুরো নগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
গতকাল শনিবার (১৬ মে) দিবাগত রাতে ডিএমপির এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, বৃহস্পতিবার রাতে ডিএমপির নিয়ন্ত্রণ কক্ষ থেকে রাজধানীর সব থানায় বিশেষ বার্তা পাঠানো হয়। এতে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা এবং ভোরের সময় অলিগলি ও গুরুত্বপূর্ণ সড়কে অতিরিক্ত টহল ও নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়।
ডিএমপি সূত্রে জানা যায়, আগামী ১৭ মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে কেন্দ্র করে নিষিদ্ধঘোষিত সংগঠনের পক্ষ থেকে কর্মসূচি পালনের আশঙ্কা রয়েছে। এ কারণে যেকোনো ধরনের অপরাধমূলক ও অবৈধ কার্যক্রম ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
এদিকে শনিবার ভোর সাড়ে চারটার দিকে বনানী থানাধীন ঢাকা–ময়মনসিংহ সড়কে অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত সংগঠনের পোস্টার ও লিফলেটসহ মো. আশিক তপেদার (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার এস এন নজরুল ইসলাম বলেন, কোনো রাজনৈতিক নিষিদ্ধ সংগঠনের দিবস আছে কি নেই, সেটি দেখার বিষয় নয়। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের বিষয়বস্তু নজরে আসছে। পুলিশ সব ধরনের অপরাধী কর্মকাণ্ড প্রতিহত করতে সর্বোচ্চ প্রস্তুত রয়েছে এবং যেকোনো অপতৎপরতা ঠেকাতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।