কারওয়ান বাজার ও মিরপুরে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১১:৩৬ পিএম
রাজধানীর কারওয়ান বাজার ও মিরপুর-১২ এলাকায় মেট্রো স্টেশনের নিচে পৃথক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারওয়ান বাজার মেট্রো স্টেশনের নিচে প্রথম বিস্ফোরণ ঘটে।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান বলেন, “দুর্বৃত্তরা এসে দুটি ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলটি আমাদের থানার বাইরে, এটি তেজগাঁও থানার এলাকায় পড়েছে।”
অন্যদিকে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন জানান, “মেট্রো স্টেশন এলাকার সীমানা বাংলামোটর থেকে হাতের ডানে শুরু হয়ে বামে এই বিস্ফোরণ ঘটেছে। যেখানে ককটেলটি ফুটেছে, সেটি কলাবাগান থানার সীমানার মধ্যে নয়।”
রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, “এ পর্যন্ত আমাদের জানা মতে এটি তেজগাঁও থানার ভেতরে ঘটেছে। থানার কোনো পার্থক্য না করে আমরা একসাথে কাজ করছি।”
এর কিছু ঘণ্টা পর রাত ৯টা ২০ মিনিটে মিরপুর-১২ নম্বর মেট্রো স্টেশনের ১৭৭ নম্বর পিলারের নিচে আরেকটি ককটেল বিস্ফোরণ ঘটে। স্থানীয়রা জানান, দুর্বৃত্তরা হঠাৎ এ ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজুর রহমান বলেন, “এই বিস্ফোরণের ঘটনা আমার কাছে এখনও জানা নেই।”
উভয় ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।