নেশার টাকা না পেয়ে স্ত্রীর ওপর অভিমানে স্বামীর আত্মহত্যা
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ১০:০১ পিএম
রাজধানীর ফকিরাপুলে নেশার টাকা না পেয়ে স্ত্রীর ওপর অভিমানে মো. মিজানুর রহমান (২৬) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
শনিবার (২২ নভেম্বর) ভোর সোয়া ৫টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত মিজানুর লালমনিরহাটের আদিতমারী উপজেলার চন্দনপাট গ্রামের এবাদুল্লাহ রহমানের ছেলে। তিনি ফকিরাপুল ১ নং গলিতে ভাড়া থাকতেন।
মিজানুরের স্ত্রী সাহিদা বেগম জানিয়েছেন, “স্বামী আগে ভ্যান চালাতেন, বর্তমানে কিছুই করেন না। নেশার জন্য আমাকে মারধর করে টাকা নিয়ে যেতেন। গতকালও নেশার জন্য টাকা চেয়েছিলেন। আমি দিইনি, তাই ঘর থেকে বের করে দিয়েছেন। পরে ভোররাতে রুমে গিয়ে দেখেছি তিনি সিলিং ফ্যানের হুকের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ঝুলে আছেন। প্রতিবেশীদের সহযোগিতায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যুর খবর জানান।”
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক নিশ্চিত করেছেন, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি মতিঝিল থানায় জানানো হয়েছে।