কড়াইল বস্তির আগুনে দেড় হাজার ঘর পুড়েছে: ফায়ার সার্ভিস
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১১:৫২ এএম
রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে প্রায় দেড় হাজার ঘর। দীর্ঘ পাঁচ ঘণ্টার বেশি সময় চেষ্টার পর ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট রাত ১০টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটে আগুন লাগার সূত্রপাত হয়। শুরুতে সাতটি ইউনিট কাজ শুরু করলেও আগুনের তীব্রতা বাড়তে থাকায় ধাপে ধাপে ইউনিট বাড়িয়ে ১৯টিতে উন্নীত করা হয়।
রাতে আগুন নিয়ন্ত্রণে আসার পর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম জানান, প্রাথমিক হিসাব অনুযায়ী দেড় হাজারের মতো ঘর পুড়ে গেছে। তবে তদন্ত শেষে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এবং অগ্নিকাণ্ডের উৎস সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বুধবার ভোরে আগুনের পর দৃশ্য আরও হৃদয়বিদারক হয়ে ওঠে। বিশাল এলাকাজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ধ্বংসস্তূপ, পোড়া কাঠ, টিন আর কংক্রিটের গন্ধ যেন আগুনের ভয়াবহতা স্মরণ করিয়ে দিচ্ছিল। অসংখ্য পরিবার খোলা আকাশের নিচে ঠাঁই নিয়েছে। কেউ ধ্বংসস্তূপে ফিরে সামান্য অবশিষ্ট জিনিসপত্র খুঁজে বের করার চেষ্টা করছেন, আবার কারও হাতে কেবল অর্ধদগ্ধ কাপড় আর ভাঙাচোরা জিনিস ছাড়া কিছুই নেই।