সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজ শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ১১:৫৫ এএম
ঢাকার সাতটি সরকারি কলেজ একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ স্থাপনের পরিকল্পনার প্রতিবাদে ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা সোমবার সকাল ১০:৩০ টার দিকে সায়েন্সল্যাব মোড়ে অবরোধ চালায়। কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া মিছিল নিউমার্কেট এলাকার মিরপুর সড়কের যান চলাচল প্রায় বন্ধ করে দেয়।
শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, ঢাকা কলেজসহ এই প্রতিষ্ঠানগুলোর শত বছরের ইতিহাস, স্বকীয়তা ও পরিচিতি রয়েছে। নতুন বিশ্ববিদ্যালয় কাঠামো বাস্তবায়িত হলে এ পরিচিতি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী ফরহাদ রানা সজিব বলেন, “নতুন কাঠামো চাপানো হলে প্রশাসনিক জটিলতা, শিক্ষক সংকট এবং অবকাঠামোগত সমস্যা আরও বাড়বে।”
নাসিম হায়দার নামের আরেক শিক্ষার্থী জানান, “কোনও আলোচনার সুযোগ না দিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা চাই, সেন্ট্রাল ইউনিভার্সিটি মডেলের পরিবর্তে কলেজগুলো অধিভুক্ত প্রতিষ্ঠানের ভিত্তিতে থাকা উচিত।”
সরকার ইতোমধ্যেই নীতিগতভাবে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল সরকারি কলেজ একীভূত করে নতুন বিশ্ববিদ্যালয় গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করা হয়েছিল।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উচ্চশিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক জটিলতা কমানো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওপর চাপ হ্রাস করতেই নতুন বিশ্ববিদ্যালয় গঠন করা হচ্ছে। ইউজিসি চেয়ারম্যানের নেতৃত্বে গঠিত কমিটি অংশীজনের মতামত নিয়ে বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রস্তাব করেছে। বর্তমানে সংসদ না থাকায় অন্তর্বর্তী সরকার অধ্যাদেশের মাধ্যমে আইন প্রণয়নের প্রস্তুতি নিচ্ছে।
প্রস্তাবিত খসড়ায় সাত কলেজকে চারটি স্কুলে বিভক্ত করে ‘ইন্টারডিসিপ্লিনারি’ কাঠামোয় পাঠদান চালুর প্রস্তাব রাখা হয়েছে। এতে উচ্চমাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর তিনটি পর্যায়ের শিক্ষাক্রম থাকবে।