শান্তি চুক্তির তিন সপ্তাহ পর ফের ঢাকা-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ১২:৩৪ এএম
শান্তি চুক্তির মাত্র তিন সপ্তাহ পর আবারও মুখোমুখি হলো ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্র জানায়, দুই কলেজের কয়েকজন শিক্ষার্থী একই বাসে করে গন্তব্যে যাচ্ছিলেন। পথেই তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, যা মুহূর্তেই হাতাহাতিতে রূপ নেয়। পরে আইডিয়াল কলেজের কয়েকজন শিক্ষার্থী ঘটনাস্থলে ছুটে এলে উত্তরা ব্যাংক সংলগ্ন স্থানে দুই পক্ষের সংঘর্ষ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করে এবং শিক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানে পাঠিয়ে দেয়।
আইডিয়াল কলেজের শিক্ষার্থী বাধন মাহবুব দাবি করেন, “কলেজ ছুটির পর আমরা সায়েন্সল্যাব এলাকা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই আমাদের ওপর হামলা চালানো হয়। বিষয়টি খুবই দুঃখজনক। এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে। ঢাকা কলেজের প্রতিষ্ঠাবার্ষিকীর কনসার্টেও কিছু শিক্ষার্থীকে মারধর করা হয়েছিল। পরে সামাজিক যোগাযোগমাধ্যমের কিছু পেইজের উসকানিতে আবারও এ ঘটনা ঘটেছে।”
ঘটনা সম্পর্কে তদন্ত কমিটির সদস্য ওসি মোহাম্মদ হাফিজ বলেন, “দুই কলেজের শিক্ষার্থীরা একই বাসে যাওয়ার সময় কথা কাটাকাটি হয়। পরে বাস থেকে নেমেই ধাক্কাধাক্কির পর সংঘর্ষে জড়ায়। আমরা দ্রুত পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। শান্তি চুক্তির অধীনে গঠিত নয় সদস্যের কমিটির সহায়তায় বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।”
ঢাকা কলেজের অধ্যক্ষ এ.কে.এম ইলিয়াস বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে আমরা নজরদারিতে আছি। আহত শিক্ষার্থীর চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব আমরা নিয়েছি। যারা নিয়ম ভঙ্গ করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শান্তি চুক্তির নিয়ম ভঙ্গ করলে প্রথমে সতর্ক করা হয়, তারপর গার্জিয়ান ডাকা হয়, এবং প্রয়োজন হলে বহিষ্কারও করা হয়—সম্প্রতি এমন উদাহরণও রয়েছে।”
উল্লেখ্য, গত ৯ নভেম্বর দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা প্রশমনে পুলিশ ও উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাদের উপস্থিতিতে একটি মৌখিক ‘শান্তি চুক্তি’ হয়। সেখানে শিক্ষার্থীরা ফুল ও মিষ্টি দিয়ে একে অপরকে বন্ধু হিসেবে গ্রহণ করে ভবিষ্যতে কোনো সংঘর্ষে জড়াবে না বলে অঙ্গীকার করেছিলেন।