আমিরাতে পবিত্র রজবের চাঁদ দেখা গেছে, রমজানের দিনগণনা শুরু
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৩ পিএম
সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হিজরি ক্যালেন্ডারের সপ্তম মাস পবিত্র রজবের চাঁদ দেখা গেছে। ফলে রোববার (২১ ডিসেম্বর) থেকে দেশগুলোতে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রজব মাস গণনা শুরু হচ্ছে।
ইসলামের চারটি পবিত্র মাসের অন্যতম রজব মাস ‘আশহুরুল হুরুম’-এর অন্তর্ভুক্ত, যা বিশেষ সম্মান ও মর্যাদার অধিকারী। ইসলামের গুরুত্বপূর্ণ ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে এ মাসের গভীর সম্পর্ক রয়েছে।
হাদিস ও ইসলামী বর্ণনা অনুযায়ী, প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) রজব মাস থেকেই পবিত্র রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন এবং এ মাসজুড়ে বরকত ও কল্যাণের দোয়া করতেন।
ইসলামী ক্যালেন্ডার অনুযায়ী রজব ও শা'বান—উভয় মাস সাধারণত ২৯ বা ৩০ দিন হয়ে থাকে। সে হিসাবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী বছর প্রায় ৬০ থেকে ৬১ দিনের মধ্যে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। ধারণা করা হচ্ছে, সৌদি আরবসহ বেশিরভাগ মধ্যপ্রাচ্যের দেশে আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হতে পারে।
অন্যদিকে, মধ্যপ্রাচ্যের তুলনায় বাংলাদেশে সাধারণত একদিন পরে চাঁদ দেখা যাওয়ায় রমজান ও ঈদুল ফিতরের তারিখও একদিন পিছিয়ে থাকে। সে হিসেবে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ১৯ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।