জানা গেল পবিত্র শবে মেরাজের তারিখ

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৮ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে সোমবার (২২ ডিসেম্বর) থেকে পবিত্র রজব মাস গণনা শুরু হবে। সে অনুযায়ী আগামী ১৬ জানুয়ারি (শুক্রবার) দিনগত রাতে সারাদেশে পবিত্র শবে মেরাজ পালিত হবে।

রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

সভায় জানানো হয়, দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় ও বিভাগীয়-জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা কেন্দ্র এবং দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে রজব মাসের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ফলে সোমবার থেকে রজব মাস শুরু হবে এবং আগামী ১৬ জানুয়ারি পবিত্র শবে মেরাজ পালিত হবে।

শবে মেরাজ উপলক্ষে দেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকে। তবে সরকারি প্রতিষ্ঠানে এ দিন ঐচ্ছিক ছুটি হিসেবে পালিত হয়। এবার শবে মেরাজ সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে পড়েছে।

সভায় আরও উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন, অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানসহ জাতীয় চাঁদ দেখা কমিটির অন্যান্য সদস্যরা।

উল্লেখ্য, ‘শবে মেরাজ’ অর্থ ঊর্ধ্বগমনের রাত। মুসলমানদের বিশ্বাস অনুযায়ী, ২৬ রজব দিবাগত রাতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ঊর্ধ্বাকাশে ভ্রমণ করে আল্লাহ তা’য়ালার সাক্ষাৎ লাভ করেন। এ রাতটি মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র ও মর্যাদাপূর্ণ। ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত-বন্দেগি ও নফল রোজার মাধ্যমে এ রাত পালন করে থাকেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495