বাংলাদেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু আগামীকাল
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৩ পিএম
বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরির পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে সারা দেশে শুরু হচ্ছে প্রথম রোজা। বুধবার এশার নামাজের পর ধর্মপ্রাণ মুসল্লিরা তারাবির নামাজ আদায় করবেন এবং ভোরে সেহরি খেয়ে প্রথম রোজা পালন করবেন।
বুধবার সন্ধ্যায় দেশের বিভিন্ন স্থানে চাঁদ দেখার তথ্য নিশ্চিত করেছে ইসলামিক ফাউন্ডেশন। চাঁদ দেখার মধ্য দিয়ে রহমত, মাগফেরাত ও নাজাতের বার্তাবাহী পবিত্র রমজান মাসের সূচনা হলো। ইতোমধ্যে দেশের বিভিন্ন মসজিদে তারাবির নামাজকে কেন্দ্র করে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি।
ইসলাম ধর্মের প্রবর্তক মুহাম্মদ (সা.) চাঁদ দেখে রমজান শুরু ও ঈদুল ফিতর উদযাপনের নির্দেশনা দিয়েছেন। ইসলামে রমজান মাসকে আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের অনন্য সুযোগ হিসেবে বিবেচনা করা হয়।
পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, “হে বিশ্বাসীগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো।”
রমজান মাসের প্রধান ইবাদত হলো রোজা পালন। শরিয়তের পরিভাষায়, সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, যৌনকর্ম ও আল্লাহ ও তাঁর রাসুল নিষিদ্ধ করেছেন এমন সব কাজ থেকে বিরত থাকাই রোজা।
রমজানের শেষ দশ দিন ইতেকাফ করা সুন্নত। এ সময়ের মধ্যেই রয়েছে মহিমান্বিত ‘লাইলাতুল কদর’। অনেকের মতে, ২৭তম রাত শবে কদর হওয়ার সম্ভাবনা বেশি। তবে হাদিস অনুযায়ী রমজানের শেষ দশকের বেজোড় রাত—২১, ২৩, ২৫, ২৭ ও ২৯—লাইলাতুল কদর অনুসন্ধানের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
হাদিসে মুহাম্মদ (সা.) বলেছেন, রমজানের শেষ দশকে লাইলাতুল কদর অনুসন্ধান করতে। তাই এ সময় বেশি বেশি ইবাদত-বন্দেগিতে মনোনিবেশ করার আহ্বান জানিয়েছেন আলেমরা।