তারাবি না পড়া মুসল্লিদের যা বললেন মাওলানা তারিক জামিল
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৩ পিএম
পবিত্র রমজান মাসে রাতের ইবাদতের অন্যতম নামাজ হলো তারাবি। এশার নামাজের পর দুই রাকাত থেকে শুরু করে সর্বোচ্চ ২০ রাকাত পর্যন্ত আদায় করা হয়। যদিও এটি সুন্নত নামাজ, তবে রাসুল (সা.) ও সাহাবিরা রমজান মাসে এটিতে বিশেষ গুরুত্ব দিতেন।
তবে কিছু মুসল্লি সুন্নত হওয়ার কারণে তারাবি নামাজে মনোযোগ দেন না বা শুধু ৮ রাকাত পড়েই মসজিদ থেকে চলে যান। এই বিষয়ে পাকিস্তানের পরিচিত দায়ী আলেম মাওলানা তারিক জামিল ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিও বার্তায় মুসল্লিদের পূর্ণ ২০ রাকাত পড়ার আহ্বান জানিয়েছেন।
মাওলানা তারিক জামিল বলেন, “রমজানে অনেকেই তারাবি নামাজ বাদ দেন বা ৮ রাকাত পড়েই চলে যান। বাইরে গিয়ে তাদের আসলে কি লাভ? বছরে একবার নামাজে পুরো কোরআন শোনার সুযোগ আসে, কিন্তু আমরা সেই সুযোগও কাজে লাগাই না। ৮ রাকাত নামাজ পড়ে মসজিদ ত্যাগ করলে গুনাহ হয় না, তবে অসংখ্য সওয়াব থেকে বঞ্চিত হই।”
তিনি আরও বলেন, “রমজানের প্রতিটি ফরজ, সুন্নত ও নফল নামাজে অসংখ্য সওয়াব আছে। যারা ২০ রাকাত পূর্ণভাবে পড়বেন, তারা রুকু, সিজদা ও বৈঠকের মাধ্যমে বিপুল সওয়াব অর্জন করবেন, কিন্তু যারা অল্প পড়েন, তারা সেই সুযোগ হারান।”
প্রসঙ্গত, চাঁদ দেখার ওপর নির্ভর করে বিশ্ব মুসলিমদের মধ্যে রমজান শুরু হয়েছে ভিন্ন সময়সূচিতে। সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার, আফগানিস্তান, লেবানন, ফিলিস্তিন ও সুদানসহ কয়েকটি দেশে রোজা শুরু হয়েছে ১৮ ফেব্রুয়ারি। বাংলাদেশ, ওমান, ব্রুনেই, ভারত, পাকিস্তান ও মিসরসহ অন্য দেশগুলোতে রমজান শুরু হয়েছে ১৯ ফেব্রুয়ারি থেকে।