কমলো হজের খরচ, সর্বনিম্ন সরকারি প্যাকেজ ৪ লাখ ৬৭ হাজার টাকা
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ০৫:২০ পিএম
২০২৬ সালের হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এবছর সরকারি ব্যবস্থাপনায় তিনটি প্যাকেজ—হজ প্যাকেজ-১ (বিশেষ), হজ প্যাকেজ-২ এবং হজ প্যাকেজ-৩ ঘোষণা করা হয়েছে। নতুন প্যাকেজে বিমান ভাড়া কমানো হয়েছে ১২ হাজার ৯৯০ টাকা। ফলে সর্বনিম্ন সরকারি হজ প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা।
রোববার সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন সংবাদ সম্মেলনে “হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৬” ঘোষণা করেন। তিনি জানান, এবছর সরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি প্যাকেজ থাকবে—
হজ প্যাকেজ-১ (বিশেষ): ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা
হজ প্যাকেজ-২: ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা
হজ প্যাকেজ-৩ (সাশ্রয়ী): ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা
গত বছর সরকারি ব্যবস্থাপনায় হজ পালনে সর্বনিম্ন খরচ ছিল ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা, ফলে এবছর খরচ কিছুটা কমেছে।
ড. খালিদ হোসেন জানান, নতুন প্যাকেজে প্রথমবারের মতো সরকারি হজযাত্রীদের আজিজিয়া এলাকায় আবাসনের ব্যবস্থা রাখা হয়েছে, যেখানে আগে কখনো সরকারি হজযাত্রীদের রাখা হয়নি। মদিনায় থাকবেন মারকাজিয়া এলাকার বাইরে। হাজিদের পাঁচ ওয়াক্ত নামাজের জন্য হারাম শরীফে যাতায়াতের সুবিধায় এসি বাসের ব্যবস্থা থাকবে।
২০২৬ সালের প্যাকেজে দমে শোকর বাবদ ৭২০ সৌদি রিয়াল (২৩ হাজার ৬৫২ টাকা) অন্তর্ভুক্ত করা হয়েছে। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী এই অর্থ নুসুক মাসার প্ল্যাটফর্মে জমা দিতে হবে। এছাড়া খাবার বাবদ প্রতিদিন ন্যূনতম ৩৫ সৌদি রিয়াল নিজ খরচে বহন করতে হবে।
এ বছর সৌদি রিয়ালের বিনিময় হারও বেড়েছে—গত বছর যেখানে প্রতি রিয়াল ছিল ৩২ টাকা ৫০ পয়সা, এবছর তা বেড়ে হয়েছে ৩২ টাকা ৮৫ পয়সা। এছাড়া মিনায় ও আরাফায় তাঁবুর ভাড়া ৪.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং স্বাস্থ্যবিমার খরচ বেড়েছে ১৩০ সৌদি রিয়াল (প্রায় ৪ হাজার ২৭০ টাকা)।
চাঁদ দেখা সাপেক্ষে ২০২৬ সালের ২৬ মে অনুষ্ঠিত হবে পবিত্র হজ। বাংলাদেশ থেকে এবছর প্রায় ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে অংশ নিতে পারবেন। প্রাথমিক নিবন্ধন ইতোমধ্যে শুরু হয়েছে এবং তা চলবে আগামী ১২ অক্টোবর পর্যন্ত। ৩ লাখ ৫০ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করা যাবে, আর ৩১ ডিসেম্বরের মধ্যে পুরো প্যাকেজ মূল্যের অর্থ পরিশোধ করতে হবে।
আগামী ৯ নভেম্বর হজচুক্তি স্বাক্ষর হবে। ২০২৬ সালের ১ ফেব্রুয়ারির মধ্যে বাড়িভাড়া ও পরিবহন চুক্তি সম্পন্ন করতে হবে। হজ ভিসা ইস্যু শুরু হবে ৮ ফেব্রুয়ারি এবং ফ্লাইট শুরু হবে ১৮ এপ্রিল।